দুর্নীতি মামলায় বড় স্বস্তি নেতানিয়াহুর, প্রত্যাহারের সুপারিশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় নতুন মোড় এসেছে। দেশটির আদালতের বিচারকেরা তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগের মামলা প্রত্যাহারের সুপারিশ করেছেন। একই সঙ্গে অন্য একটি মামলার অভিযোগের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এতে নেতানিয়াহুর জন্য আইনি ও রাজনৈতিকভাবে স্বস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনই শেষ হচ্ছে না তার বিচারপ্রক্রিয়া।
বিজ্ঞাপন
২০২০ সালে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক দুর্নীতি মামলার বিচার শুরু হয়। এর মধ্য দিয়ে ইসরায়েলের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী হন তিনি।
তিনটি মামলার মধ্যে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচিত ‘কেস ৪০০০’। অভিযোগ অনুযায়ী, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বেজেককে সরকারি সুবিধা দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম ওয়াল্লায় নিজের ও স্ত্রীর পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের ব্যবস্থা করেছিলেন নেতানিয়াহু।
তবে বিচারকেরা মনে করছেন, বিশেষ করে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা কম। এ কারণে মামলাটি প্রত্যাহারের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে সুপারিশ করেছেন তারা।
অন্যদিকে ‘কেস ২০০০’ মামলায় অভিযোগ করা হয়েছে, ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার মালিকের সঙ্গে ইতিবাচক সংবাদ প্রকাশের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী সংবাদপত্রের ব্যবসা সীমিত করার বিষয়ে সমঝোতার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। তবে তার কথিত কর্মকাণ্ড আদৌ ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারকেরা।
এ ছাড়া ‘কেস ১০০০’ মামলায় নেতানিয়াহু ও তার স্ত্রীর বিরুদ্ধে ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে দামি উপহার ও অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। বিনিময়ে রাজনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এই মামলার নিষ্পত্তিতে প্রসিকিউশন ও প্রতিরক্ষা পক্ষকে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ দিয়েছেন বিচারকেরা।
তবে বিচারকেরা নিজেরা কোনো অভিযোগ প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার। তিনি জানিয়েছেন, আদালতের পর্যবেক্ষণগুলো বিবেচনায় নেওয়া হবে। মামলার রায় কিংবা সমঝোতা—দুই সম্ভাবনাই খোলা রয়েছে।
বিচারকদের সুপারিশ সামনে আসার পর নেতানিয়াহু অবিলম্বে বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন। তার বক্তব্য, এই মামলার কারণে দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন।
এদিকে দুর্নীতি মামলার ভবিষ্যৎ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবরের নির্বাচনের পর তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট সরকার গঠনের চেষ্টা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্নীতির অভিযোগের কারণে বিরোধী শিবিরের অনেক নেতা নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনে আগ্রহী নন।
সব মিলিয়ে আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণ নেতানিয়াহুর জন্য কিছুটা স্বস্তির পরিস্থিতি তৈরি করলেও মামলাগুলোর চূড়ান্ত পরিণতি এখনো নির্ধারিত হয়নি। আইনি প্রক্রিয়ার পরবর্তী সিদ্ধান্ত তার রাজনৈতিক ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল-জাজিরা








