Logo

ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ১৪:৫৮
ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধে ক্ষুব্ধ হয়ে তাদের হত্যার পর জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের পাশাপাশি তাদের মা-বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের তথ্যমতে, অভিযুক্ত দুই ভাই হলেন শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। গত সোমবার (২৩ নভেম্বর) দুই নারীকে হত্যার অভিযোগ ওঠে তাদের স্বামীদের বিরুদ্ধে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে জানা গেছে, দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও ঝগড়া চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তবে ঘটনার মাত্র দুই দিন আগে দুই নারী নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গুমলা জেলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই ভাই প্রথমে পুলিশকে বলেছিলেন, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পরবর্তী সময়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগা জেলার জঙ্গল থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সও জব্দ করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গত সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছিলেন। সে সময় তাদের আচরণে অস্বাভাবিক কিছু নজরে আসেনি।

এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার পেছনে পারিবারিক বিরোধের ভূমিকা এবং অন্য কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD