যুক্তরাষ্ট্রে ওয়েস্ট নাইল প্রাণঘাতী ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৭ জনে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক তাপমাত্রা ও আর্দ্রতা মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করায় সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সময় শুক্রবার ফ্রান্স টোয়েন্টিফোরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যুর সংখ্যার হিসাবে ক্যালিফোর্নিয়ায় চলতি বছর ওয়েস্ট নাইল ভাইরাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী বছর হিসেবে বিবেচিত হচ্ছে।
ভাইরাসটির ভয়াবহতার শিকার হয়েছেন ক্যালিফোর্নিয়ার বারব্যাংক শহরের বাসিন্দা ম্যান্ডি বাড। মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত দুই মাস ধরে তিনি নিজের পা নাড়াতে পারছেন না।
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমি বেঁচে আছি, এতেই আমি খুশি।’
তিনি আরও বলেন, ‘এই ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন, আমিও তাদের একজন হতে পারতাম— ভাবতেই ভয় লাগে।’
সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিক মৌসুমের তুলনায় বেশি তাপমাত্রা ও আর্দ্রতা বিরাজ করছে। আবহাওয়ার এমন পরিস্থিতি মশার প্রজনন ও বংশবিস্তারে সহায়তা করছে। ফলে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে ভাইরাসটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। সাধারণত সংক্রমিত পাখিকে মশা কামড়ানোর মাধ্যমে ভাইরাসটি মশার শরীরে প্রবেশ করে। পরে সেই মশা মানুষকে কামড়ালে মানুষের শরীরেও সংক্রমণ ঘটতে পারে।
মশাবাহিত এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আবহাওয়াজনিত পরিস্থিতি এবং মশার বংশবিস্তার পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর।








