‘পোস্টাল ভোট বিডি’ বিশেষ অ্যাপ তৈরি করছে ইসি: আখতার আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিসহ নির্দিষ্ট কিছু শ্রেণির ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটার, দেশের অভ্যন্তরে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করছে ইসি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, “প্রবাসীদের নিবন্ধনের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরি করা হয়েছে। নিবন্ধিত ভোটারদের নির্ধারিত সময়ে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট দিয়ে নির্দিষ্ট নিয়মে খামে ভরে তা ফেরত পাঠাতে হবে।”
তিনি আরও জানান, ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে না, থাকবে শুধু প্রতীক। নির্দিষ্ট প্রতীকের পাশে ভোটাররা টিক চিহ্ন অথবা ক্রস দিয়ে তাদের ভোট প্রদান করবেন। তিনটি খামের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। একটি ব্যালট পেপারের জন্য, একটি ভোট ভরে পাঠানোর জন্য এবং একটি নির্দেশনামূলক খাম।
ইসি সচিব বলেন, “অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কবে থেকে নিবন্ধন শুরু হবে, তা পরে জানানো হবে। ভোট গ্রহণের সময়সূচির সঙ্গে মিল রেখে ডাক বিভাগের মাধ্যমে খাম প্রেরণ ও ফেরতের ব্যবস্থা করা হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও পরিষ্কার করেন, কোনো প্রবাসী নিবন্ধন করে দেশে এসে সরাসরি ভোট দিতে পারবেন না। কেবল অ্যাপে নিবন্ধিত ব্যক্তিরাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একই নিয়ম দেশের ভেতরে দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ইসি সূত্র জানায়, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পাবেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।








