ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী ২২ সেপ্টেম্বর (সোমবার) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে। এ তথ্য জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মধ্য সেপ্টেম্বরে ইইউ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসার কথা ছিল। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় আগামী রবিবার দুপুরে তারা ইসির সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।
ইসি সচিব জানান, প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট বা প্রাক-নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য ইইউ দল শুধু ইসির সঙ্গেই নয়, বিভিন্ন মহলের সঙ্গেও মতবিনিময় করবে।
বিজ্ঞাপন
সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, নির্বাচন সামগ্রীর কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। সেপ্টেম্বরে সব সরঞ্জাম সরবরাহ সম্পন্ন হবে। ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক ও হেসিয়ান ব্যাগ এসেছে। মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ সামগ্রী এসে গেছে।
তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনদের সঙ্গে সংলাপের সূচি আসন্ন কমিশন সভায় চূড়ান্ত হবে। ইতোমধ্যে নিবন্ধন আবেদন করা ২২টি দলের সরেজমিন তদন্ত শেষ হয়েছে। এছাড়া তিন শতাধিক সংস্থা পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের আবেদন করেছে। সেপ্টেম্বরে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বৃহস্পতিবার কানাডা সফর শেষে দেশে ফিরেছেন। আগামী রবিবার বা সোমবার কমিশন সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সভাতেই নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থা অনুমোদন এবং সংলাপের তারিখ চূড়ান্ত করা হবে।








