Logo

জাতীয় নির্বাচন ঘিরে অস্থিতিশীলতার চেষ্টা চলছে: আইজিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৫৭
জাতীয় নির্বাচন ঘিরে অস্থিতিশীলতার চেষ্টা চলছে: আইজিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বাহারুল আলম বলেন, “নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ দেশের বাইরে থেকেও তৈরি হতে পারে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। নির্বাচনী দায়িত্ব পালনের সক্ষমতা পুলিশের রয়েছে। এজন্য দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

বিজ্ঞাপন

খাগড়াছড়ির একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার আধা ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবুও উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আইজিপি বলেন, ১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী দুর্গোৎসবকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫টি মামলা দায়ের এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো ঘটনাই বড় ধরনের সমস্যায় রূপ নেয়নি। পুলিশ শান্তিপূর্ণভাবে সবকিছু মোকাবিলা করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে পূজামণ্ডপ ঘুরে দেখে র‍্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ প্রযুক্তিগত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। গুজবে কান দেবেন না। যারা গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD