Logo

৪৮তম বিসিএস: অবিলম্বে নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের নিয়োগের দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪
৪৮তম বিসিএস: অবিলম্বে নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের নিয়োগের দাবি
ছবি: সংগৃহীত

সরকারি স্বাস্থ্য খাতে শূন্য পদ পূরণের দাবিতে অবিলম্বে ৪৮তম (বিশেষ) বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের আহ্বান জানিয়েছে ৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিয়োগ বঞ্চিত চিকিৎসক ডা. শাদমান সাকিব রাফি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে বর্তমানে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এর ফলে তৃণমূল পর্যায়ের মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না। বিত্তশালীরা যেখানে বেসরকারি বা বিদেশে চিকিৎসা নিতে পারছেন, সেখানে সাধারণ জনগণ সরকারি স্বাস্থ্যসেবার উপর নির্ভরশীল হওয়ায় ভোগান্তিতে পড়ছেন।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ৪৪তম থেকে ৪৬তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায় প্রায় দেড় হাজার প্রার্থী ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে এদের অনেকেই সিনিয়রিটি সুবিধা পাওয়ার জন্য পূর্ববর্তী বিসিএসে যোগ দেবেন। এতে ৪৮তম বিসিএসের সহকারী সার্জন পদগুলো পুনরায় শূন্য হয়ে যাবে, যা চিকিৎসক সংকট সমাধানের মূল উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করবে।

ফোরামের আরেক সদস্য ডা. মো. আল মুনতাসির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে আরও ৩ হাজার শূন্যপদে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশের আগেই ৪৮তম বিসিএসে উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া সম্পূর্ণ সম্ভব।

তিনি আরও বলেন, এখনও ৪৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ হয়নি এবং ৫০তম বিসিএসের নিয়োগও শিগগির সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই। ফলে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ বিলম্বিত হলে রাষ্ট্রের সময়, অর্থ ও শ্রম অপচয় হবে এবং জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে ৪৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সহকারী সার্জন পদে নিয়োগ দিতে হবে।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশী চিকিৎসক সংবাদ সম্মেলনে অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD