সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরা ছবিটি ভুয়া: নাসিমুল গণি

সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাতকড়া পরিহিত অবস্থায় হাসপাতালে শুয়ে থাকার যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি ভুয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।
বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) দুপুরে যশোরের কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসিমুল গণি বলেন, “সাবেক মন্ত্রীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। তার যে ছবিটি ছড়ানো হয়েছে সেটি ভুয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বজন ও চিকিৎসকেরা পাশে ছিলেন। তবুও কোনো অভিযোগ থাকলে তদন্ত করে সত্যতা বের করা হবে।”
বিজ্ঞাপন
এ সময় খাগড়াছড়ির গুইমারায় এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সৃষ্ট সহিংসতা প্রসঙ্গে সচিব জানান, চিকিৎসকরা ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত পাননি। তার মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষ জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা পালন করছে। কোথাও কোনো শঙ্কা নেই। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয়ের সব সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।”
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান এবং কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা।








