Logo

অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৫:৪৪
অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডিজিটাল যুগে দ্রুত ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর কারিগরি সহায়তায় একটি কার্যকর কর্মপরিকল্পনা বা ‘রোডম্যাপ’ প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে গণমাধ্যম উন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে ইউনেস্কোর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ড. সুসান ভাইজ জানান, অপতথ্যের বিস্তার ঠেকাতে ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাই প্রক্রিয়াকে জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ইউনেস্কো। এর অংশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা তথ্য যাচাইয়ে দক্ষ হয়ে উঠতে পারে।

ইউনেস্কোর এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউনেস্কোর যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, অপতথ্য মোকাবিলায় সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণের জন্য ইউনেস্কোর সহায়তা বাংলাদেশের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সময় ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD