পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে বৃহস্পতিবার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস, ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে বৃহস্পতিবার আবারও আলোচনা হবে এবং সেখানেই সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে পরিবহন মালিকদের সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার পাশাপাশি ডলারের মূল্য বৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ আমদানি ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পরিবহন খাতে আর্থিক চাপ তৈরি হয়েছে বলে তারা জানায়।
পরিবহন নেতারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণ না করলে খাতটির স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া সমন্বয়ের দাবি জানান তারা।
বিজ্ঞাপন
এর আগে রোববার (১৮ এপ্রিল) বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, যা রাত পর্যন্ত চলে। বৈঠকে বিআরটিএ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর নতুন ভাড়ার হার নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, এর আগে ১৮ এপ্রিল রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে দেশের দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।








