Logo

শিল্পখাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-নেপাল বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৬:২৭
শিল্পখাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-নেপাল বৈঠক
ছবি: সংগৃহীত

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার (২২ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে দ্রুত শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশে নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তার মতে, যৌথ উদ্যোগে শিল্পখাতে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উভয় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশে শিল্পখাতে বিনিয়োগে নেপালের আগ্রহের কথা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগ উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, এম এ কামাল বিল্লাহ, নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লালিটা সিলওয়ালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD