শাহবাগে পৌঁছানোর আগেই শিক্ষকদের আটকে দিলো পুলিশ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিনে এসে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও, শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই তাদের আটকে দিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার কিছু আগে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন। জাতীয় গ্রন্থাগারের আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। ব্যারিকেডের সামনে শিক্ষকরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষকরা। তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
দাবি আদায়ে গত রবিবার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।
বুধবার দুপুরে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর কিছুক্ষণের মধ্যেই শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করতে যাব।”
বিজ্ঞাপন
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে।








