Logo

ডিসেম্বরে ২য় সপ্তাহেই নির্বাচনের তফসিল আসতে পারে: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১২:০৬
ডিসেম্বরে ২য় সপ্তাহেই নির্বাচনের তফসিল আসতে পারে: সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন | ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন আশা করছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সিইসি এই তথ্য জানান।

সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো বড় পরিসরে প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে—এমন পরিকল্পনার ওপর ভিত্তি করে প্রস্তুতিও এগিয়ে চলছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পূর্বের চেয়ে অনেক বেশি উন্নত। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। মাঝেমধ্যে ছিনতাই বা ছোটখাটো ঘটনা ঘটলেও সেগুলো বিচ্ছিন্ন। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নত হবে।

মক ভোটিংয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সিইসি জানান, নির্বাচন নির্বিঘ্ন করতে আইডিয়াল নির্বাচন পরিবেশ কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো যাচাই করতেই এ উদ্যোগ।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত পনের বছরে জনগণের বড় অংশ ভোটদানের বাস্তব অভিজ্ঞতা থেকে বঞ্চিত ছিল। তাই ভোটের প্রক্রিয়া, দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে—এসবই দেখানোর জন্য মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, ভোটগ্রহণের বিভিন্ন ধাপ সম্পর্কে ভোটারদের সচেতন করার পাশাপাশি নির্বাচন ব্যবস্থাপনায় সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মূল্যায়নের জন্যও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD