এবার এয়ার অ্যাম্বুলেন্সকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটির অবতরণে আনুষ্ঠানিক ক্লিয়ারেন্স প্রদান করেছে।
বিজ্ঞাপন
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন আসার পরই ফ্লাইট সেফটি রেগুলেশন (এফএসআর) বিভাগ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে। ফলে যেকোনো সময় ‘এয়ার অ্যাম্বুলেন্স’ ঢাকায় পৌঁছাতে প্রস্তুত।
প্রাথমিকভাবে কাতার থেকে একটি বিশেষ অ্যাম্বুলেন্স বিমান আসার কথা থাকলেও নির্ধারিত উড়োজাহাজে প্রযুক্তিগত জটিলতা দেখা দেওয়ায় সেটি বাতিল হয়। পরবর্তীতে কাতার সরকারের সহায়তায় জার্মানি থেকে নতুন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করা হয়। এই নতুন বিমানের ক্লিয়ারেন্স সংক্রান্ত কাগজপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর হাতে পৌঁছেছে।
বিজ্ঞাপন
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিভিআইপি মুভমেন্টের গুরুত্ব বিবেচনায় বিমানটির ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও অপারেশনাল প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্দিষ্ট রুট, সময় ও অন্যান্য আনুষ্ঠানিকতা চূড়ান্ত অনুমোদন পেলেই সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ জানান, অভ্যন্তরীণ সব কাগজপত্র সম্পন্ন হয়েছে। আগে বিমানটি শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় আসার কথা থাকলেও সময় পরিবর্তন হচ্ছে।
শনিবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা আপাতত পিছিয়েছে। নতুন তারিখ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর যেকোনো দিনই নেওয়া হতে পারে।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন সদস্য জানান, তার শারীরিক অবস্থা গত কয়েকদিন স্থিতিশীল থাকলেও ফ্লাই করার উপযোগিতা এখনও বিবেচনায় রাখতে হচ্ছে। একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচি দেরি হওয়ায় প্রক্রিয়াটি আরও সময় নিচ্ছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় আসার কথা থাকলেও তা পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আর লন্ডনের উদ্দেশে বিমানটি ঢাকা ছাড়বে ১০ ডিসেম্বর—এমন একটি প্রাথমিক সময়সূচি ঠিক করা হয়েছে।








