Logo

৩ ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড়ে মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৯
৩ ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড়ে মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে তিন ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শিক্ষাভবনের সামনের অংশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি রাখা হয়েছে জলকামান ও রায়টকারের মতো সরঞ্জাম।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০০ শিক্ষার্থী মোড় জুড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিয়ে দ্রুত অধ্যাদেশের দাবি জানাচ্ছেন।

বিজ্ঞাপন

তারা জানান, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিতে দেরি হওয়ায় নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নামতে হয়েছে। শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, আমরা বারবার জানিয়েছি, আমরা টেবিলে যেতে চাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে পরীক্ষা–নিরীক্ষা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ যদি আমাদের কথা শোনাত, তাহলে এতদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেত। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবো।

বিজ্ঞাপন

ইডেন কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, অধ্যাদেশের দীর্ঘসূত্রতা আমাদের পড়াশোনা এবং ক্যারিয়ারসহ সবকিছুতে অনিশ্চয়তা তৈরি করেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জবাবদিহি না থাকলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

এর আগে, ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD