৮১ পর্যবেক্ষক সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ বছরের জন্য ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানায়।
ইসির তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর প্রাথমিকভাবে ৭৩টি সংস্থার তালিকা প্রকাশ করে মতামত, দাবি-আপত্তি ও অভিযোগ গ্রহণের আহ্বান জানানো হয়। ২০ অক্টোবর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সুযোগ ছিল, সঙ্গে দাবির পক্ষে প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে যাচাই–বাছাই শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হয়। এসব সংস্থা ২০২৩ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধনের আওতায় থাকবে।
দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে, যাদের নিবন্ধন কার্যকর হয়েছে ৪ ডিসেম্বর থেকে এবং চলবে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ অনুযায়ী পূর্ববর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
বিজ্ঞাপন
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু হয়। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ভোট দেখেন এক লাখ ৫৯ হাজারের বেশি পর্যবেক্ষক।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক মাঠে ছিলেন।
বিজ্ঞাপন
২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন ভোট পর্যবেক্ষণ করেন।
২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করছে ইসি।








