Logo

খালেদা জিয়ার কফিনবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ২১:৫৯
খালেদা জিয়ার কফিনবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষযাত্রাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় ১০ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, নিরাপত্তার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্বে থাকবে।

বিজ্ঞাপন

তিনি জানান, আগামীকাল সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার কফিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। এরপর বেলা ২টায় দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফনের প্রতিটি ধাপেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে।

প্রেস সচিব আরও জানান, খালেদা জিয়ার জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অংশ নেবেন। পাশাপাশি সরকারের অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও জানাজায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সরকার আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে তাঁর ইন্তেকালে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে তাঁর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD