Logo

সংসদ ভবনে খালেদা জিয়ার মরদেহ আনার রুট জানাল ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ২২:১৯
সংসদ ভবনে খালেদা জিয়ার মরদেহ আনার রুট জানাল ডিএমপি
বেগম খালেদা জিয়া | ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার সকালে নির্ধারিত সড়কপথে মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী কনভয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রা শুরু করবে। এরপর কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের সামনে দিয়ে গুলশানের বাসভবন ফিরোজার দিকে যাবে। সেখান থেকে গুলশান-২ হয়ে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি পেরিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছাবে। পরে বাম দিকে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে কনভয়টি।

বিজ্ঞাপন

ডিএমপি জানিয়েছে, মরদেহ বহনকালে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ কারণে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সবাইকে ধৈর্য ধরতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো কার্যক্রম রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD