বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া হবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—এমন কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোস্ট গার্ডসহ যেকোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হন, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বাহিনীগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার এবং এ বিষয়ে বিন্দুমাত্র শৈথিল্য দেখানো হবে না।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কোস্ট গার্ডের সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান দমন, মানবপাচার রোধ, ডাকাতি ও জলদস্যুতা প্রতিরোধে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত কার্যকর। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধারেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সতর্ক করা, উদ্ধার কার্যক্রম পরিচালনা, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, লাইফ জ্যাকেট সরবরাহ এবং রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় বাহিনীটির ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা জোরদারের মাধ্যমে মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও কোস্ট গার্ড কার্যকর ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন দায়িত্ব পালন শুরু করেছে।
নির্বাচনে নিরপেক্ষতা রক্ষার বিষয়ে পুনরায় কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো সদস্য যদি রাজনৈতিক সংশ্লিষ্টতায় জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এ সময় দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। এতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








