Logo

র‍্যাবের নাম বদলে নতুন পরিচয় ‘এসআইএফ’, সঙ্গে বদলাচ্ছে পোশাকও

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৩
র‍্যাবের নাম বদলে নতুন পরিচয় ‘এসআইএফ’, সঙ্গে বদলাচ্ছে পোশাকও
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নতুন নাম পাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, র‍্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। র‍্যাবের সূচনালগ্নে বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যা্ট)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, শিগগিরই এ সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে র‍্যাব নামটির প্রতি কিছু নেতিবাচক ধারণা ছিল। জনমতই আমাদের প্রেরণা হয়ে বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্তে পৌঁছেছে।

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর থেকে র‍্যাবের কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং নতুন নামের সঙ্গে সঙ্গে বাহিনীটির পোশাক ও কার্যপ্রণালীও আধুনিক ও স্বচ্ছ হবে।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম বলেন, আগের পুলিশ এখন আর নেই। পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের সমস্যা হবে না। আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

র‍্যাব ২০০৪ সালে খালেদা জিয়ার সরকারের আমলে গঠিত হয়। তবে গত দুই দশকের কর্মকাণ্ডকে ঘিরে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র র‍্যাব এবং বাহিনীটির সাত কর্মকর্তার ওপর পৃথক নিষেধাজ্ঞা আরোপ করে। সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও এর আওতায় ছিলেন। এছাড়া ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনার ওপর ভিত্তি করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে।

বিজ্ঞাপন

নতুন নামকরণের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাহিনীকে আরও জবাবদিহিমূলক ও আইনসম্মতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্রান্স, ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও তুরস্কের মতো দেশের এলিট ফোর্সের কার্যপ্রণালী পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী জানান, নির্বাচনের সময় প্রতিটি জেলা ও উপজেলায় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চলমান অভিযানে ইতিমধ্যেই ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নাম ও কাঠামোর মাধ্যমে র‍্যাবের কার্যক্রমকে আরও স্বচ্ছ, দায়িত্বশীল এবং জনগণমুখী করার লক্ষ্য নিয়েই ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD