নির্বাচন সুষ্ঠু করতে মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারা দেশে একযোগে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ ও আচরণবিধি বাস্তবায়নে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সরকার।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময় মাঠপর্যায়ে থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন।
বিজ্ঞাপন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ, অনিয়ম প্রতিরোধ এবং অপরাধ দমনে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখাই হবে তাদের মূল দায়িত্ব।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এর আগে, ৭ ফেব্রুয়ারি তারা নিজ নিজ জেলার জেলা প্রশাসকের কাছে যোগদান করবেন। দায়িত্ব শুরুর আগে নির্বাচনী আইন ও বিধি প্রয়োগে তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তারা নির্বাচনী এলাকায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় আইনগত দিকনির্দেশনাও দেবেন।
বিজ্ঞাপন
ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত তারা সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করবেন এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ করে দেবেন।
সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন আরও সহজ হবে।








