Logo

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা জানালেন উপ-প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭
নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা জানালেন উপ-প্রেস সচিব
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার | ফাইল ছবি

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন শেষ হলেই যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

সেখানে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে যে প্রচারণা চালানো হচ্ছে—যেখানে বলা হচ্ছে নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে আবুল কালাম আজাদ মজুমদার উল্লেখ করেন, যারা এ ধরনের দাবি ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এই একই গোষ্ঠী কিছুদিন আগেও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা ও সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, এখন যখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তখন ওই মহল নতুন করে ষড়যন্ত্রমূলক বক্তব্য সামনে আনছে। এসব অপপ্রচার মূলত নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির একটি কৌশল।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের অপপ্রচারে অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, যা উদ্বেগজনক। তবে বাস্তবে এসব দাবির কোনো বাস্তব ভিত্তি নেই এবং বিভ্রান্ত হওয়ারও কোনো কারণ নেই বলে তিনি জোর দেন।

স্ট্যাটাসে তিনি আরও স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব হলো একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা। নির্বাচনের পর রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার কোনো অভিপ্রায় বা পরিকল্পনা এই সরকারের নেই। নির্বাচন সম্পন্ন হলেই দ্রুততম সময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD