Logo

আজ বিকেল ৪টায় নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১১
আজ বিকেল ৪টায় নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

নতুন গঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর আগে দিনের প্রথম ভাগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করে।

বিজ্ঞাপন

সংবিধান ও সংসদীয় রীতি অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় বোর্ডের বৈঠক ডেকে সংসদীয় নেতা নির্বাচন করবে। এরপর দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদে দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন এবং প্রধানমন্ত্রী নিয়োগের আবেদন জানাবেন।

রাষ্ট্রপতি ওই সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত করবেন। রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন, এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ গ্রহণ করানো হবে।

সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করে।

এই নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। বাকি আসনগুলোতে অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD