কাদের-সাদ্দামসহ ৭ শীর্ষ নেতার মানবতাবিরোধী মামলার বিচার শুরু

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে বিচার শুরু হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আইন অনুযায়ী আজ প্রসিকিউশন ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করবেন। এরপর প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলাটি আনুষ্ঠানিকভাবে এগোবে। মামলার আসামিরা কেউই গ্রেপ্তার না থাকায় বিচার অনুপস্থিতিতেই চলবে।
বিজ্ঞাপন
পলাতক আসামিদের মধ্যে আছেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
গত ২২ জানুয়ারি সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং বিচার শুরুর আদেশ দেয়া হয়। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লোকমান হাওলাদার ও ইশরাত জাহান ছিলেন।
বিজ্ঞাপন
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, আসামিরা জুলাই-আগস্টে আন্দোলন দমন ও সহিংসতা চালানোর পরিকল্পনা গ্রহণ করেন। তাঁরা নির্দেশ, উসকানি ও প্ররোচনার মাধ্যমে নেতাকর্মীদের রাজপথে নামাতে উদ্বুদ্ধ করেছেন, বৈঠকে সহিংসতার কৌশল প্রণয়ন করেছেন এবং কোথাও কোথাও সশস্ত্র হামলা ও গণমাধ্যম নিয়ন্ত্রণের ভূমিকা পালন করেছেন। এই কর্মকাণ্ডের ফলে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।








