Logo

মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী: একজন পূর্ণমন্ত্রী দুজন প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০৫
মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী: একজন পূর্ণমন্ত্রী দুজন প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, নীতিনির্ধারণী পর্যায়ে তিনজন নারী নেত্রী স্থান পেয়েছেন—এর মধ্যে একজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির অভিজ্ঞ নেত্রী আফরোজা খানম। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের পর্যটন খাত পুনর্গঠন এবং বিমানসেবার মান উন্নয়নে তার রাজনৈতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শামা ওবায়েদ ইসলাম এবং ফারজানা শারমিন। মন্ত্রণালয় বণ্টন অনুযায়ী, ফারজানা শারমিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নারী অধিকার সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দলের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় কূটনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকার অভিজ্ঞতা এ দায়িত্ব পালনে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD