ধুয়ে-মুছে ঝকঝকে হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস, চারদিক সাজ সাজ রব

নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় তার দাপ্তরিক কার্যালয় সাজিয়ে তোলার কাজ চলছে পুরোদমে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে দেখা যায়, প্রধানমন্ত্রীর কক্ষ ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি সম্মেলন কক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। আসবাবপত্র ঝাড়াই-বাছাই, নথিপত্র গোছানো এবং প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যাতে নতুন প্রধানমন্ত্রীর নিয়মিত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অফিস কার্যক্রম শুরুর আগে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: দুই বেসরকারি কলেজের নাম পরিবর্তন
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) হবে নতুন প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস। সকাল ১০টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন।
প্রথম দিনেই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। দুপুরে সচিবালয়েই মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। পরে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে নতুন সরকারের অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বুধবার সচিবালয়ে নিজ নিজ দপ্তরে দায়িত্বভার গ্রহণ করবেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন। বিভিন্ন মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সদস্যরা গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন।
বিজ্ঞাপন
নতুন সরকারের আগমন উপলক্ষে সচিবালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিভিন্ন ভবনের সামনে রঙিন ফুলের টব বসানো, বাগান পরিচর্যা এবং সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের।








