ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ

জলবায়ু পরিবর্তন ও নানা পরিবেশগত কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়ছে। এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মেগাসিটি ঢাকা। কয়েক বছর ধরেই রাজধানীর বায়ুমান নিয়ে উদ্বেগ রয়েছে। মাঝেমধ্যে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও আবারও ভয়াবহ রূপ নিয়েছে দূষণ।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়ায় ৩২২, যা ‘বিপর্যয়কর’ বা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পড়ে। এ সময়ে দূষণের দিক থেকে ঢাকার ওপরে ছিল কেবল পাকিস্তানের লাহোর; শহরটির একিউআই স্কোর ছিল ৪০৪।
তালিকায় তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা (২১২), চতুর্থে দিল্লি (২০৮) এবং পঞ্চমে কাতারের দোহা (১৬৯) রয়েছে। স্কোর অনুযায়ী এসব শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিজ্ঞাপন
বায়ুর মানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir। তাদের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০–৫০ হলে বায়ু ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১–৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা সবার জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বর্তমান স্কোর ৩২২ হওয়ায় ঢাকার বাসিন্দাদের জন্য পরিস্থিতি উদ্বেগজনক। বিশেষ করে ভোরে প্রাতঃভ্রমণ বা কর্মস্থলে যাওয়ার সময় বাতাসে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র দূষিত কণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশের ঝুঁকি বাড়ছে।
বিজ্ঞাপন
পরিবেশবিদদের মতে, শুষ্ক মৌসুমে নির্মাণকাজের ধুলা, যানবাহনের কালো ধোঁয়া ও আশপাশের ইটভাটার নির্গমন ঢাকার বায়ুকে মারাত্মকভাবে দূষিত করছে। এমন পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।








