অসমাপ্ত কাজ শেষ করবেন নতুন চিফ প্রসিকিউটর, প্রত্যাশা তাজুল ইসলামের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করেছেন, তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর সম্পন্ন করবেন।
বিজ্ঞাপন
সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত চিফ প্রসিকিউটরকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান। তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। তবে নতুন নেতৃত্বে প্রসিকিউশন আরও শক্তিশালী ও গতিশীলভাবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
তিনি উল্লেখ করেন, তার দায়িত্বকালে যেসব মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, সেগুলোর অনেকগুলো এখনও চলমান। ন্যায়বিচার নিশ্চিত করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। নতুন চিফ প্রসিকিউটর সেই ধারাবাহিকতা বজায় রেখে বাকি কাজগুলো শেষ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।
বিজ্ঞাপন
তাজুল ইসলাম আরও বলেন, বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া— এখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মুখ্য। প্রসিকিউশন টিমের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
এর আগে সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।








