ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ প্রকল্প শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

সরকার দেশের কৃষকদের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে। তবে শুরুতে এটি পুরো দেশে নয়, একটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে।
বিজ্ঞাপন
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রিসভার উচ্চপর্যায়ের বৈঠক চলছে। তিনি বলেন, “আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কৃষকদের এই সুবিধা দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশে যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।”
কবে থেকে বিতরণ শুরু হবে তা এখনও নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে মন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে যাতে দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়।
বিজ্ঞাপন
এই কার্ডের মাধ্যমে একজন কৃষক উৎপাদনের সঙ্গে সম্পর্কিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। মন্ত্রী বলেন, “কৃষি জ্ঞান, আধুনিক যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য হবে। এছাড়া স্মার্ট সিস্টেমের মাধ্যমে বাজারের পরিস্থিতি, উৎপাদনের অবস্থা ও আবহাওয়ার তথ্য পাওয়া যাবে, যা উন্নত পরিকল্পনা করতে সাহায্য করবে।”
সরকার কার্ডের ক্ষেত্রে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করবে, যাতে প্রভাবশালী বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ রোধ করা যায়। মন্ত্রী বলেন, “যেমন একজন সিম ক্রেতা সরাসরি ব্যাংকিং বা অন্যান্য সুবিধা পায়, তেমনি কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে। ফলে কৃষক সুবিধা পাবেন এবং রাষ্ট্রও সমস্যা বুঝতে পারবে।”
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় একটি নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট সংখ্যক কৃষককে কার্ড দেওয়া হবে। পরবর্তীতে তা ধাপে ধাপে সারাদেশে বিস্তৃত করা হবে।








