সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত “নিয়মিত উপস্থিতি বিধিমালা, ২০১৯” অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো অফিস শৃঙ্খলার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ: বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকা; বিনা অনুমতিতে অফিস ত্যাগ করা; অফিসে দেরিতে উপস্থিত হওয়া।
অতএব সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময়ে শেষ হওয়ার পূর্বে—রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টার পূর্বে—কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না।
বিজ্ঞাপন
অফিস চলাকালীন জরুরি প্রয়োজনে দপ্তর ত্যাগের জন্য সংশ্লিষ্ট প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি ও ডিজিটাল হাজিরা প্রদান করতে হবে।
বিনা অনুমতিতে অনুপস্থিতি, অফিস ত্যাগ বা বিলম্বে উপস্থিতির ক্ষেত্রে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।








