Logo

বাংলাদেশ-মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে বৈঠক: হজ ও ধর্মীয় সহযোগিতার অঙ্গীকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৪
বাংলাদেশ-মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে বৈঠক: হজ ও ধর্মীয় সহযোগিতার অঙ্গীকার
ধর্ম বিষয়ক মন্ত্রী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসান এবং বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর মধ্যে গতকাল এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়।

অনলাইন আলোচনায় হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়। উভয় পক্ষই হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, আবাসন ও সার্বিক তত্ত্বাবধানে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার এবং উপকারভোগীদের তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিরা যাকাত তহবিলের কার্যকর ব্যবহার ও দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আরও ফলপ্রসূ করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে সমসাময়িক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যুগোপযোগী করতে পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সহযোগিতা এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রযুক্তি-সমন্বিত শিক্ষা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির মূল্যবোধ জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে যৌথ প্রশিক্ষণ, কর্মশালা এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের প্রস্তাবও উত্থাপিত হয়। উভয় মন্ত্রী পারস্পরিক সম্মান ও সদিচ্ছার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

এই ভার্চুয়াল বৈঠককে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, আলোচিত বিষয়গুলো বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD