Logo

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৯
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত
ছবি: সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজ একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফাইলটি আবারও রিভিউ করা হবে।”

বিজ্ঞাপন

এর আগে, রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে একটি সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর আওতায় নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির বিশেষ আদেশে প্রণীত এই অধ্যাদেশ অনুযায়ী কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হওয়ার কথা।

গত ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাদেশটি জারি করেন। সংসদ ভাঙা থাকায় জরুরি পরিস্থিতি বিবেচনায় ওই দিন থেকে এটি কার্যকর হয়।

বিজ্ঞাপন

নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ ইউজিসি রাজধানীর সাত কলেজকে পৃথকভাবে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল। পরে ১২ নভেম্বর এসব কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD