এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর গাড়িবহর ট্র্যাফিক সিগন্যালে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পথে রাষ্ট্রপতির গাড়িবহর কারওয়ান বাজারে যানজটে আটকে পড়ে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির গাড়িবহরের সঙ্গে তার পেছনে থাকা অন্যান্য যানবাহনও কিছু সময়ের জন্য আটকে থাকে। তবে কয়েক মিনিটের মধ্যেই সিগন্যাল ছাড়ার পর গাড়িবহর স্বাভাবিকভাবে চলতে শুরু করে।
এমন দৃশ্য অবশ্য নতুন নয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকেও যানজটে আটকে থাকতে দেখা গেছে। এমনকি তার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়।
বিজ্ঞাপন
ভিভিআইপিদের বিশেষ প্রোটোকল নিয়ে যাতায়াতের কারণে জনভোগান্তির বিষয়টি এক সময় বেশ পরিচিত দৃশ্য ছিল। তবে সে দৃশ্য বদলে গেছে এবার। বিশেষ প্রোটোকল ছাড়াই চলাফেরা করছেন ভিভিআইপিরা।
এমন দৃশ্য এই দুই বছর আগেও ছিল অকল্পনীয়। প্রধানমন্ত্রী চলাচলের জন্য পুরো রাস্তা বন্ধ তো রাখা হতোই, ফুটপাথ দিয়েও পথচারী পারাপারে ছিল নিষেধাজ্ঞা। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আসার পর প্রথম দিনেই তেমন কিছু না করার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শককে। তারই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতির গাড়িবহরও রাস্তায় চলাচল করেছে স্বাভাবিক নিয়ম মেনেই।
বিজ্ঞাপন








