Logo

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১৯
নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত সভায় তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

কর্মকর্তা-কর্মাচারীরাও সরকারের অংশ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।

স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাদী দলের নির্বাচনি ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

বিজ্ঞাপন

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়ে তিনি বলেন, তারা যেন নিরাপদ বোধ করেন। আমরা সবাই যদি একসঙ্গ কাজ করি তাহলে নিশ্চয়ই এ লক্ষ্য অর্জন করতে পারব।

এছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের গোপনীয়তা মেনে চলার নির্দেশ দেন এবং রাষ্ট্র ও দেশের স্বার্থে সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মানার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এটি জাতিকে একটি সুশৃঙ্খল সমাজে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধান, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD