লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে: শাহজাহান

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে ব্যবহৃত হেডফোন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি অভিযোগ করেন, বর্তমানে সংসদে ব্যবহৃত হেডফোনগুলো আকারে বড় এবং ভারী হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করা সদস্যদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের মাথায় বড় আকারের হেডফোন ব্যবহার করতে হচ্ছে, যা অনেকটা বোঝা বহনের মতো মনে হয়। তার মতে, এক থেকে দুই ঘণ্টা ধরে এ ধরনের ভারী হেডফোন ব্যবহার করে অধিবেশনে বসে থাকা সদস্যদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে।
তিনি বলেন, অতীতে সংসদের কার্যক্রম পরিচালনায় এত ভারী হেডফোনের প্রয়োজন হয়নি। ১৯৯১ সালেও সংসদ এ ধরনের ব্যবস্থা ছাড়াই পরিচালিত হয়েছে। একইভাবে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময়েও এমন ভারী অডিও ডিভাইস ছাড়াই সংসদের কার্যক্রম চলেছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, বর্তমান ব্যবস্থাটি অপ্রয়োজনীয়ভাবে জটিল করা হয়েছে।
বিজ্ঞাপন
শাহজাহান চৌধুরী আরও অভিযোগ করে বলেন, সম্ভবত একটা বাজেট হয়েছিল, কিন্তু সেখান থেকে লুটপাট বাহিনীরা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। সহজ ও ব্যবহার উপযোগী হেডফোন ব্যবহার করলে সংসদ সদস্যরা আরও স্বাচ্ছন্দ্যে বক্তব্য শুনতে পারবেন। পাশাপাশি সংসদের বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জবাব দিতে গিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে উত্থাপিত বিষয়টি আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া হেডফোন নিয়ে বিরোধী দলের সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেমও অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি অভিযোগ করেন, নিম্নমানের হেডফোন ব্যবহারের কারণে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভূত হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, সংসদে ব্যবহৃত হেডফোনের মান আদৌ কেমন।
বিজ্ঞাপন
পরে অনুসন্ধানে জানা যায়, সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রভিত্তিক অডিও পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘Shure’-এর তৈরি। সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা মডেলটি ‘SRH240A’। প্রতিষ্ঠানটি মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং বিভিন্ন ধরনের হেডফোন তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত।
প্রতিষ্ঠানটির অফিসিয়াল তথ্য অনুযায়ী, ‘SRH240A’ মডেলের হেডফোনটির মূল্য ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকার কাছাকাছি। কোম্পানিটির অন্যান্য মডেলের তুলনায় এটি তুলনামূলক কম দামের একটি হেডফোন।
বিজ্ঞাপন
একই ব্র্যান্ডের অন্যান্য মডেলের মধ্যে ‘AONIC 50 GEN 2’ মডেলের দাম প্রায় ৩৮৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা। এছাড়া ‘SRH840A’ মডেলের দাম ১৬৯ ডলার (প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা), ‘SRH440A’ মডেলের দাম ১০৯ ডলার (প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা)। আরও উচ্চমূল্যের মডেলের মধ্যে রয়েছে ‘SRH1540’ যার দাম ৫০০ ডলার এবং ‘SRH1840’ মডেলের দাম ৫৪৯ ডলার।








