জাতীয় ঈদগাহ প্রস্তুত, ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য রাজধানীর জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে জামাতের সময় পরিবর্তন করা হতে পারে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া গরম থাকায় ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা থাকবে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থাও রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
মুসল্লিদের সুবিধার জন্য পর্যাপ্ত ওজুখানা, নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এজন্য এখানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর যেসব নাগরিক প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ঈদগাহে প্রবেশের সময় নির্দেশনা মেনে চলা এবং নিষিদ্ধ কোনো বস্তু সঙ্গে না আনারও অনুরোধ করেন।
এ সময় জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।








