নারীদের অবদান যুক্ত হলে দেশের জিডিপি হতো তিনগুণ: সিইসি

দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন না করা হয়—এমন প্রেক্ষাপট তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নারীদের ঘরের কাজ যদি আর্থিকভাবে হিসাব করা হতো, তবে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় তিনগুণ বেশি হতো।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি তার বক্তব্যে সদ্য সমাপ্ত নির্বাচনের অভিজ্ঞতাও শেয়ার করেন। তিনি জানান, ভোটের সময় নারী কর্মকর্তাদের পারফরম্যান্স প্রশংসনীয় ছিল। ভোটের পর অনেক অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে, কিন্তু মজার বিষয় হলো তদন্ত করে দেখেছি অভিযুক্তদের সবাই পুরুষ প্রিজাইডিং অফিসার। কোনো নারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে এখন পর্যন্ত আমি পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাইনি। ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
বিজ্ঞাপন
নারীদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমে সাফল্যের কথাও তিনি তুলে ধরেন। আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের ফলে সেই গ্যাপ এখন ১০ লাখে নেমে এসেছে।
তিনি বলেন, রাত ১০টা-১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নারীরা ভোটার রেজিস্ট্রেশন করেছেন। এ দৃশ্য সত্যিই অভাবনীয়।
আরও পড়ুন: তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
বিজ্ঞাপন
সিইসি আরও বলেন, সাধারণত নির্বাচন সুষ্ঠু হলে ভোট শেষে কিছু রাজনৈতিক আপত্তি ওঠে, যা আমাদের দেশে প্রচলিত। তবে মাঠ পর্যায়ে ভোটাররা ভোট দিতে পারেননি এমন কোনো অভিযোগ তিনি এখনও পাননি।
দেশের অর্থনীতিতে নারীদের অবদান তুলে ধরে তিনি বলেন, রেমিট্যান্স ও গার্মেন্টস সেক্টরসহ বাংলাদেশের অর্থনীতি মূলত নারীদের ওপর দাঁড়িয়ে আছে। তাই তাদের কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।







