Logo

মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১৬ মার্চ, ২০২৬, ১৫:৪৩
মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত

দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং আয় বৃদ্ধিকেই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সহযোগিতা ও সমর্থন থাকলে সরকারের যেকোনো উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। আগামী দুই বছরের মধ্যে দেশের সাধারণ মানুষের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি এমন কাজকে প্রাধান্য দেয়, যা মানুষের কল্যাণ বয়ে আনে এবং জনগণের জীবনকে সহজ করে তোলে। তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই সাহাপাড়া খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, খালটির খননকাজ সম্পন্ন হলে প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। খালের পানির মাধ্যমে প্রায় ১২০০ হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এতে স্থানীয় প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে খালের পানির সুবিধা নিতে পারবেন। পাশাপাশি কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে যে পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে, তার তুলনায় অতিরিক্ত প্রায় ৬০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে বলে জানান তিনি।

খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ পুরোনো খাল ইতোমধ্যে ভরাট হয়ে গেছে। বিভিন্ন এলাকায় নদী পর্যন্ত ভরাট হয়ে যাওয়ার ঘটনা দেখা যাচ্ছে। কোথাও কোথাও নদীর ভেতরেও চাষাবাদ হচ্ছে। অনেক স্থানে ছোট ছোট কালভার্ট ও সেতুর নিচে থাকা খালগুলো প্রায় অদৃশ্য হয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে যে বর্ষাকালেও অনেক এলাকায় পানির সংকট দেখা দেয়। তাই বর্ষার পানি সংরক্ষণ করে কৃষি ও জনজীবনে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ ধরনের খাল পুনঃখনন প্রকল্প সেই উদ্যোগেরই অংশ।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতির মূল দর্শন হলো মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। বর্তমানে কেউ যদি মাসে পাঁচ হাজার টাকা আয় করেন, সরকার চায় আগামী কয়েক বছরের মধ্যে সেই আয় ১০ হাজার টাকায় পৌঁছাক। আবার যারা দুই হাজার টাকা আয় করেন, তাদের আয়ও দ্বিগুণ করার মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, এই লক্ষ্যই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতা। একইভাবে খালেদা জিয়ার নেতৃত্বেও মানুষের কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতাকে সামনে রেখে কাজ করছে।

বিজ্ঞাপন

দেশের খাদ্য নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে খাদ্যের চাহিদা পূরণে বিদেশের ওপর নির্ভর করা সম্ভব নয়। তাই দেশের ভেতরেই কৃষি উৎপাদন বাড়াতে হবে। খাল, নদী ও জলাধারগুলো পুনরুদ্ধার করে কৃষিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ধরনের পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে, কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD