Logo

যেখানে ঈদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১২:৩৯
যেখানে ঈদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরের পর ‘যমুনা’তে অবস্থান নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এই রাষ্ট্রীয় অতিথি ভবনেই করবেন সরকারপ্রধান। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, বড় কোনো সংস্কার ছাড়াই সেখানে চলছে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম।

বিজ্ঞাপন

গত আগস্টের অভ্যুত্থানের সময় সাধারণ মানুষ গণভবন-এর নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে ভবনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলা হয়। ফলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে গণভবনের ব্যবহার বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই ভবনটি সরকারপ্রধানের আবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বিকল্প বাসভবন খোঁজা হয়েছিল। তবে সময়স্বল্পতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কেই প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে দীর্ঘ পথ ও যানজট পেরিয়ে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করছেন। যমুনা থেকে কার্যালয় ও সচিবালয় দুটিরই দূরত্ব কাছাকাছি। ৩০ হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় ৮ একর। এর মধ্যে ভেতরের অংশ ৫.২ একর, আর বাইরের অংশ ২.৮ একর। অফিসসহ ভবনের মোট আয়তন ৩৫ হাজার স্কয়ার ফিট।

গণপূর্ত অধিদফতর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী কাজ করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ভেতরের কাজগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবই নিয়মিত রক্ষণাবেক্ষণ। এর সঙ্গে কিছু ছোটোখাটো সংস্কারও করতে হচ্ছে। হাইজিনিক ওয়াশ এবং রং মেইন কাজ। এছাড়া সিলিংয়ের কিছু পুরনো অংশে সমস্যা থাকলে তা ঠিক করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে বড় ধরনের সংস্কার বা পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না বলেও জানান তিনি। খালেকুজ্জামান চৌধুরী বলেন, আমরা কোনো ব্যাপক নির্দেশনা পাইনি। মূলত রুটিন কাজগুলোই আমরা করছি। এটি শেষ করতে বেশি সময় লাগবে না। দুই সপ্তাহের মধ্যে আমরা সব কাজ শেষ করে ফেলব।

এদিকে ইতোমধ্যে ‘যমুনা’য় দুই দফায় ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন সরকারপ্রধান। এসব আয়োজনে দেশি-বিদেশি কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন, যা ভবিষ্যতে এই স্থাপনাকে কেন্দ্র করে আরও রাষ্ট্রীয় কার্যক্রম আয়োজনের ইঙ্গিত দিচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD