Logo

টুপি-আতর-জায়নামাজ কিনতে ক্রেতাদের শেষ মুহূর্তে ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১৯:৩৫
টুপি-আতর-জায়নামাজ কিনতে ক্রেতাদের শেষ মুহূর্তে ভিড়
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধান কেনাকাটা শেষ হলেও এখন ধর্মীয় অনুষঙ্গ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা। রাজধানীর বাজারগুলোতে টুপি, আতর, জায়নামাজ ও তসবির দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিনই। বিশেষ করে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি ও পছন্দের সুগন্ধি কিনতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা ও আশপাশের ফুটপাত এখন জমজমাট।

বিজ্ঞাপন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটসংলগ্ন ফুটপাতজুড়ে টুপি, আতর ও তসবির দোকানগুলোতে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা চোখে পড়ছে।

বিক্রেতাদের ভাষ্য, রমজানের শুরু থেকেই এসব পণ্যের চাহিদা থাকলেও ঈদ যত ঘনিয়ে এসেছে, ততই বেড়েছে ক্রেতার চাপ। বিশেষ করে শেষ এক সপ্তাহে বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

বায়তুল মোকাররম মার্কেটের নিচতলায় দেশি টুপির পাশাপাশি তুরস্ক, ব্রুনাই, সৌদি আরব ও মালয়েশিয়া থেকে আমদানিকৃত বিভিন্ন ডিজাইনের টুপি পাওয়া যাচ্ছে। মানভেদে দেশি টুপির দাম ১০০ থেকে ১,০০০ টাকার মধ্যে, আর উন্নত মানের বিদেশি টুপি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। তবে স্বল্প আয়ের মানুষের জন্য ফুটপাতের দোকানগুলোতে ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই টুপি পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

একজন টুপি ব্যবসায়ী জানান, ঈদের আগে শেষ সময়ে এসে টুপির চাহিদা বেড়েছে। গত কয়েক দিনে বিক্রি বেশ ভালো হয়েছে, যদিও দিনভেদে ক্রেতার সংখ্যা কিছুটা ওঠানামা করছে।

ক্রেতাদের মধ্যেও রয়েছে ঈদের প্রস্তুতির আলাদা উচ্ছ্বাস। রাজধানীর ফার্মগেট এলাকার এক বাসিন্দা জানান, পরিবারের জন্য ঈদের পোশাক কেনা শেষ করে এখন তিনি নিজের ও সন্তানদের জন্য পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি কিনছেন। পাশাপাশি আতর কেনারও পরিকল্পনা রয়েছে তার।

বিজ্ঞাপন

আতরের দোকানগুলোতেও রয়েছে ভিড়। সৌদি আরব, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত আতরের পাশাপাশি দেশি সুগন্ধিও পাওয়া যাচ্ছে। সাধারণ আতরের দাম প্রতি তোলা ১০০ থেকে ১,৫০০ টাকা, আর উন্নত মানের বিদেশি আতর বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।

ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে হাসনাহেনা, সিলভার, রজনীগন্ধা ও চকোলেট ম্যাক্সের ঘ্রাণ। পাশাপাশি সুলতান, রয়েল, অরেঞ্জ, জান্নাতুল ফেরদৌস ও লর্ডভিনিয়া ম্যান সুগন্ধির চাহিদাও উল্লেখযোগ্য।

একজন আতর বিক্রেতা বলেন, বিভিন্ন ফুলের ঘ্রাণের আতরের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। কম দামি থেকে শুরু করে উচ্চমূল্যের বিদেশি আতর—সব ধরনের পণ্যই বিক্রি হচ্ছে ভালো।

বিজ্ঞাপন

একজন ক্রেতা জানান, ঈদের দিন সুগন্ধি ব্যবহার করে নামাজে যেতে আলাদা এক প্রশান্তি পাওয়া যায়। তাই তিনি নিজের পছন্দমতো আতর কিনেছেন, যার মধ্যে হাসনাহেনা ও রজনীগন্ধার ঘ্রাণ তার কাছে বেশি ভালো লেগেছে।

এদিকে ঈদের অনুষঙ্গ হিসেবে জায়নামাজ ও তসবির চাহিদাও কম নয়। বায়তুল মোকাররমে দেশি কাপড়ের পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, ইরান, আফগানিস্তান ও বেলজিয়ামের জায়নামাজ পাওয়া যাচ্ছে। দেশি জায়নামাজের দাম ১৫০ থেকে ৫০০ টাকা, আর বিদেশি জায়নামাজ ৫০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

তসবির ক্ষেত্রেও নতুন সংযোজন হিসেবে ডিজিটাল তসবির প্রতি আগ্রহ বাড়ছে। ৫০ থেকে ১২০ টাকার মধ্যে পাওয়া এসব তসবির বহন সহজ হওয়ায় ক্রেতারা বেশি কিনছেন। বিক্রেতারা জানান, দিনে উল্লেখযোগ্য পরিমাণ ডিজিটাল তসবি বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে ঈদের আগমুহূর্তে ধর্মীয় অনুষঙ্গের বাজারে তৈরি হয়েছে আলাদা এক উৎসবমুখর পরিবেশ, যেখানে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD