ঈদের দিনেও পাম্পে ভিড়, তেল নিতে দীর্ঘ অপেক্ষা

টানা প্রায় দুই সপ্তাহ ধরে জ্বালানি সংকটের প্রভাবে রাজধানীর তেল পাম্পগুলোতে ভিড় কমেনি। ঈদের দিনও সেই চিত্রের পরিবর্তন হয়নি—উল্টো অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে যানবাহন চালকদের।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, তেল পাম্পগুলোর সামনে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। অনেককে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতার প্রভাব দেশের বাজারেও পড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।
বিজ্ঞাপন
রাজধানীর আসাদগেট এলাকার একটি পাম্প বন্ধ থাকায় পাশের খোলা পাম্পে চাপ বেড়েছে। সেখানে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। একই চিত্র দেখা গেছে ট্রাস্ট ফুয়েল স্টেশনসহ আশপাশের অন্যান্য পাম্পেও।

পাম্পকর্মীরা জানান, ঈদের ছুটিতে ভিড় কমবে এমন ধারণা থাকলেও বাস্তবে উল্টো পরিস্থিতি দেখা গেছে। অনেকেই ভেবেছিলেন ঈদের দিনে ভিড় কম থাকবে, তাই পরে তেল নিতে এসে ভোগান্তিতে পড়ছেন।
লাইন ধরে তেল নিতে আসা মোটরসাইকেল চালক সোহাগ বলেন, ঈদের দিনে ভিড় কম থাকবে ভেবে আগে তেল নেননি, কিন্তু এখন এসে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
বিজ্ঞাপন
আরেক চালক হোসেইন আলী জানান, সকাল ১১টার দিকে লাইনে দাঁড়ানোর পর এক ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও তেল পাননি।
মোটরসাইকেল চালক রিমন বলেন, বন্ধুদের সঙ্গে বের হওয়ার পরিকল্পনা থাকলেও লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
জানা গেছে, মার্চের শুরু থেকেই দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। শুরুতে কিছু পাম্প বন্ধ হয়ে যায় এবং অনেক জায়গায় নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রি করা হয়। পরে সেই সীমা তুলে নেওয়া হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।








