চাঁদরাতে ছুটি, ঈদের দিনেও বাড়ি ফিরছে মানুষ

এক মাস সিয়াম সাধনার পর দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে টানা ছুটির সুযোগে আগেই রাজধানী ছেড়েছেন বিপুলসংখ্যক মানুষ। তবে ছুটি না পাওয়ায় অনেকেই ঈদের দিনেও বাড়ির পথে রওনা হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বিভিন্ন পরিবহনের কাউন্টার খোলা রয়েছে এবং সীমিত আকারে যাত্রী চলাচল অব্যাহত আছে। কিছু যাত্রী কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করছেন, আর পরিবহন শ্রমিকরা যাত্রী সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
যাত্রী রাসেল জানান, তার বাড়ি চট্টগ্রামে হলেও ঢাকায় এসে সেখান থেকে যশোরে যাচ্ছেন ভাইয়ের শ্বশুরবাড়িতে। তিনি বলেন, কাউন্টারে এসে সহজেই টিকিট পেয়েছেন, কোনো সমস্যা হয়নি।
বিজ্ঞাপন
মিরপুর-১০ এলাকার একটি দোকানে কর্মরত আরমান ও আব্দুল্লাহ জানান, চাঁদরাতে ছুটি পাওয়ায় তারা ঈদের দিনই গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
মাগুরাগামী আরেক যাত্রী রতন বলেন, নিরাপত্তাকর্মীর চাকরি করায় আগে ছুটি পাননি। ঈদের আগের রাতে দায়িত্ব শেষে ছুটি পেয়ে এখন বাড়ির পথে রওনা হয়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের দিন হিসেবে যাত্রীর সংখ্যা কম হলেও একেবারে নেই তা নয়। একটি পরিবহনের কাউন্টার কর্মকর্তা বলেন, সকাল থেকে কয়েকটি ট্রিপে যাত্রী নেওয়া হয়েছে, বিশেষ করে যারা শেষ মুহূর্তে ছুটি পেয়েছেন তারাই বেশি যাচ্ছেন।
বিজ্ঞাপন
আরেক পরিবহন কর্মকর্তার ভাষ্য, স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী কম এবং কিছুটা গাড়ির সংকটও রয়েছে। তারপরও সীমিত পরিসরে যাত্রী পরিবহন চালু রয়েছে।








