ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের পরদিন থেকেই ঢাকামুখী যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। তবে ঈদের আগে বাড়ি যাওয়ার সময় যে ভিড় ও ভোগান্তি ছিল, ফেরার পথে তা অনেকটাই কম বলে জানিয়েছেন যাত্রীরা। আবার কেউ কেউ ঈদের আনন্দ আরও কিছুদিন বাড়াতে গ্রামে যাচ্ছেন।
বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। ঈদের দ্বিতীয় দিনেও স্টেশনজুড়ে ছিল যাত্রীদের উপস্থিতি। বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিকেল ৪টা ২০ মিনিটে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস কমলাপুরে পৌঁছালে বিপুল সংখ্যক যাত্রী নামেন। ট্রেনটিতে ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী ছিল, অনেকেই ছাদে করে ঢাকায় ফিরেছেন।
বিজ্ঞাপন
নোয়াখালী থেকে ফিরে আসা এক যাত্রী জানান, ছুটির শুরুতেই গ্রামে গিয়েছিলেন। অফিস খুলে যাওয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরেছেন। তার মতে, যাতায়াতের ক্ষেত্রে ট্রেনই সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ মাধ্যম।
একই ট্রেনে ফেরা আরেক যাত্রী বলেন, ঈদের আগে থেকেই ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এখন আবার কর্মস্থলে ফিরতে হচ্ছে।
এদিকে বিকেল ৪টা ৪৫ মিনিটে জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায় যমুনা এক্সপ্রেস। ট্রেনটির প্রতিটি বগিতে যাত্রীতে ভরপুর ছিল।
বিজ্ঞাপন
সপরিবারে ওই ট্রেনে যাওয়া এক যাত্রী জানান, ঈদের আগে টিকিট না পাওয়ায় ঢাকাতেই ঈদ করতে হয়েছে। এখন পরিবার নিয়ে গ্রামে যাচ্ছেন ঈদ-পরবর্তী সময় কাটাতে। তার মতে, ঈদের আগে ট্রেনের টিকিট পাওয়া কঠিন হওয়ায় অনেকেই ভিড় এড়াতে ঈদের পর ভ্রমণকেই বেশি সুবিধাজনক মনে করছেন।








