দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, ব্যবস্থার নির্দেশ

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষসহ ফেনী, হবিগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দঘন সময়ে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
রবিবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সাম্প্রতিক এসব দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের জীবন অত্যন্ত মূল্যবান এবং যেকোনো প্রাণহানি অপূরণীয় ক্ষতি। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
বিজ্ঞাপন
সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পরিবহন ব্যবস্থার দুর্বল দিকগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লায় একটি রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্তের মাধ্যমে উদঘাটনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুর্ঘটনার পেছনে কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কুমিল্লার ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের প্রতিও গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর প্রেক্ষাপটে পরিবহন খাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।








