Logo

বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দিবে পুলিশ: ডিবি প্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৬, ১৮:৩২
বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দিবে পুলিশ: ডিবি প্রধান
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান ও ঈদের সময়ে নগরীতে অর্থ ও মূল্যবান পণ্য আনা-নেওয়ায় সহযোগিতার পর এবার বিয়ে বাড়িতে গহনা বহনের ক্ষেত্রে পুলিশের নিরাপত্তা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

রবিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ঈদের পরে রাজধানীতে বিভিন্ন স্থানে বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেউ যদি মনে করেন যে হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গহনা বহনের সময় নিরাপত্তা প্রয়োজন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ডিবি প্রধান আরও বলেন, ঈদে কেউ যদি থানায় স্বর্ণালংকার বা মূল্যবান জিনিস রাখতে চান, তাহলে তারা তা রাখতে পারবেন। একই সঙ্গে ব্যাংকের ভল্টেও নিরাপদে রাখা যাবে। তবে বিশেষ করে টাকা বা মূল্যবান গহনা বহনের ক্ষেত্রে ডিবি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

নগরীর সার্বিক নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ঈদের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও কিছু নিরাপত্তাকর্মী ঈদের ছুটিতে গেছেন, তবু শহরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ফোর্স রাখা হয়েছে। কমিশনার ঈদের তিনদিন আগে থেকে নগরী নিরাপত্তা পরিদর্শন শুরু করেছেন এবং প্রতিটি পয়েন্টে টহল এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে।

ডিবি প্রধান জানান, দিনে ৮০টি টিম এবং রাতে ৪০টি টিম টহলে থাকে। এছাড়া স্ট্যান্ডবাই অবস্থায় আরও দুটি টিম থাকায় কেউ যখনই কল বা সহায়তার জন্য যোগাযোগ করবে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাটি বর্তমানে সিআইডির কাছে রয়েছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রক্রিয়া চালাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD