অবৈধ জ্বালানি তেল মজুতের তথ্য দিলেই পুরস্কার

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুতের নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের প্রতিটি জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুত প্রতিরোধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য শিগগিরই আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা করা হবে। এ বিষয়ে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট তথ্য ও পরামর্শ দিতে আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে অবৈধ মজুতদারি রুখতে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের সব তেল ডিপো, পেট্রলপাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।








