জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং দেশের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে অননুমোদিতভাবে তেল মজুত করার চেষ্টা দেখা দিয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ, তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালন সুবিধার জন্য নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুর জেলায় ৩টি, রাজশাহী জেলায় ৩টি, সিলেট জেলায় ২টি, মৌলভীবাজার জেলায় ৩টি, কুমিল্লা জেলায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১টি এবং সুনামগঞ্জ জেলায় ১টি ডিপোতে মোট ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এতে বলা হয়, মোতায়েনকৃত সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়নে দায়িত্ব পালন করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। দায়িত্বাধীন ডিপো কর্তৃপক্ষের সাথে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করছে। সংশ্লিষ্ট ডিপো এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে বিজিবি।
বিজ্ঞাপন
এ ছাড়াও সীমান্ত দিয়ে তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিতে নজরদারি বাড়ানো হয়েছে। আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক, লরি ও অন্যান্য যানবাহন নিয়মিত তল্লাশি করা হচ্ছে, যাতে অবৈধ তেল আনা-নেয়া প্রতিরোধ করা যায়।
এভাবে দেশের জ্বালানি সরবরাহকে সচল রাখার পাশাপাশি বিপণনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সকল পদক্ষেপ গ্রহণ করছে।
বিজ্ঞাপন








