দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় জোরদারে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই নিয়োগ দেবে। অন্যদিকে, এসব মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকায় পেট্রোল পাম্পগুলোর জন্য সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেবেন।
বিজ্ঞাপন
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন।
এ ছাড়া, দ্রুত ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে সব দপ্তর ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।








