Logo

দেশে জ্বালানি তেলের মজুত আছে ১ লাখ ৯৩ হাজার টন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১৫:২০
দেশে জ্বালানি তেলের মজুত আছে ১ লাখ ৯৩ হাজার টন
ছবি: সংগৃহীত

সারাদেশে জ্বালানি তেলের মজুত স্থিতিশীল রয়েছে। অবৈধভাবে মজুদ করা তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা দিয়েছে। ৩০ মার্চ একদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬৪৪ লিটার এবং পেট্রোল ১৩ হাজার ৮৫৬ লিটার। বর্তমানে দেশে মোট জ্বালানি তেলের মজুত ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

যুগ্মসচিব বলেন, “বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন। নিয়মিত আমদানির মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত আছে।” তিনি আরও জানান, হজ মৌসুমকে সামনে রেখে জেট ফুয়েলের মজুত পরিস্থিতি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এদিন সারাদেশে ৩৯১টি অভিযান পরিচালিত হয়েছে, যেখানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯ লাখ ৩ হাজার ৫৭০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে—সাতক্ষীরায় দুই বছর, চাঁদপুরে এক বছর এবং অন্য এক স্থানে এক মাস।

যুগ্মসচিব জানান, এ পর্যন্ত মোট ৩৫৫৯টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ১২৪৪টি মামলা দায়ের ও ৮৪ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার করা তেলের পরিমাণ ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার, যার মধ্যে ডিজেল ২ লাখ ৭৩ হাজার ৬৫ লিটার, অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার এবং পেট্রোল ৬০ হাজার ২ লিটার।

বিজ্ঞাপন

জ্বালানি ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার নতুন উদ্যোগ হিসেবে সারাদেশের ফিলিং স্টেশন ভিত্তিক ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। ঢাকা বিভাগে ১৩ জেলায় ৪৭৯ জন ও মহানগরে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জেলায় ৩৩০ জন ও মহানগরে ৬২ জন কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। এছাড়া রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও একইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিবিড় তদারকির ফলে জ্বালানি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা এবং শৃঙ্খলা বৃদ্ধি পাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD