Logo

শহীদ মীর মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৭:২১
শহীদ মীর মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার অসুস্থতার খবর পেয়েই তার সার্বিক চিকিৎসার খোঁজ নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মীর মোস্তাফিজুর রহমান রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার প্রয়োজন হয়। পরে সোমবার (৩০ মার্চ) সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। তার নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দল দীর্ঘ সময় ধরে এই জটিল অস্ত্রোপচার পরিচালনা করেন।

অস্ত্রোপচার শেষে চিকিৎসকেরা জানান, রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসার প্রতিটি ধাপ তদারকির জন্য সংশ্লিষ্টদের সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনাও দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের কয়েকজন সদস্য।

বিজ্ঞাপন

হাসপাতালে গিয়ে তারা মীর মোস্তাফিজুর রহমানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সহায়তা এবং পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজ নেন। প্রতিনিধি দলটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতা ও শুভকামনার বার্তাও পৌঁছে দেয়।

এ সময় মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। শহীদ মীর মুগ্ধের বড় ভাই দীপ্তও পরিবারের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কঠিন এই সময়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সহযোগিতা তাদের সাহস জুগিয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালে প্রতিনিধি দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ এবং অপু দেবনাথ।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বর্তমানে মীর মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তারা আশা করছেন, দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD